ফরাসি প্রেসিডেন্সি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতি মাসে প্রায় ১ লাখ টন ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি পেয়েছেন ম্যাক্রোঁ।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে প্রতি মাসে অতিরিক্ত ২ লাখ টন ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি আদায় করেছেন। উপসাগরীয় দেশগুলো সফরের সময় তিনি এ প্রতিশ্রুতি পান বলে ফরাসি প্রেসিডেন্সির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ফরাসি প্রেসিডেন্সি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতি মাসে প্রায় ১ লাখ টন ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি পেয়েছেন ম্যাক্রোঁ। তার সফরের পরবর্তী গন্তব্য বাহরাইন থেকেও প্রতি মাসে আরও ১ লাখ টন ডিজেল সরবরাহ নিশ্চিত করা হবে।
এর আগে সৌদি আরব থেকেও ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি পেয়েছিল ফ্রান্স। নতুন সরবরাহের প্রতিশ্রুতিগুলো যুক্ত হলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন মিলিয়ে দেশটির জন্য প্রতি মাসে মোট ২ লাখ ৯৫ হাজার টন ডিজেল সরবরাহ নিশ্চিত হবে। ফরাসি প্রেসিডেন্সির হিসাব অনুযায়ী, এই পরিমাণ ডিজেল ফ্রান্সের মোট মাসিক ব্যবহারের ১০ শতাংশের কিছু বেশি।
জ্বালানি সরবরাহের নিশ্চয়তা বাড়াতে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করছেন ম্যাক্রোঁ। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে সরবরাহব্যবস্থায় চাপের মধ্যে এসব প্রতিশ্রুতি ফ্রান্সের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নতুন সরবরাহের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে ফ্রান্সের ডিজেলের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ উপসাগরীয় দেশগুলো থেকে পূরণ করা সম্ভব হবে। তবে সরবরাহের প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানি নিয়মিত পৌঁছানো এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি স্থিতিশীল থাকা- দুটিই দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। সূত্র: ডন নিউজ, এএফপি
