মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের সুস্থ জীবনধারায় উৎসাহিত করতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী ম্যারাথনের আয়োজন করেছে কুঁড়েঘর ফাউন্ডেশন। চার কিলোমিটারের এ ম্যারাথনে বিভিন্ন পেশার শতাধিক তরুণ অংশ নেন।
আজ মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুতে ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল প্রামাণিক। এ সময় আয়োজক সংগঠনের নেতারা, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ম্যারাথনে অংশ নেওয়া পলাশ মিয়া বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে তরুণদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনা সম্ভব।’
আয়োজকেরা জানান, মওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্ত থেকে ম্যারাথন শুরু হয়। প্রতিযোগীরা সেতুর উত্তর প্রান্ত ঘুরে আবার দক্ষিণ প্রান্তে এসে দৌড় শেষ করেন। নির্ধারিত টি-শার্ট পরে বিভিন্ন পেশার তরুণেরা এতে অংশ নেন। ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পদক বিতরণ করা হয়।
