খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসরকালীন ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।
গতকাল শনিবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কাজল আহমেদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ বলেন, গ্রামগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে এ জাতীয় টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুবসমাজকে ক্রীড়াঙ্গনে ব্যস্ত রাখতে পারলে মাদক ও আধুনিক মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে। অনুষ্ঠানে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের ফাইনালে গোপালগঞ্জ একাদশ ৩-১ গোলে নড়াইল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
