প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৫০ পিএম
চট্টগ্রামে ফুডপান্ডার কমিশন ও বিভিন্ন চার্জ নিয়ে আপত্তির সমাধান না হওয়ায় প্রতিষ্ঠানটির সেবা বর্জনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা।
গত ১৫ অক্টোবর নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ফুডপান্ডার বিভিন্ন কমিশন ও চার্জ নিয়ে আপত্তির বিষয়ে প্রতিষ্ঠানটিকে ১৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফুডপান্ডার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ কারণে চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডার সেবা বর্জনের সিদ্ধান্তে অনড় রয়েছেন মালিকেরা।
রেস্তোরা মালিকদের অভিযোগ, ফুডপান্ডার কমিশন, বিভিন্ন ধরনের চার্জ এবং ব্যবসায়িক নীতিমালার কারণে তাদের ব্যবসা পরিচালনায় আর্থিক চাপ তৈরি হচ্ছে। এসব বিষয়ে গ্রহণযোগ্য সমাধান না আসা পর্যন্ত বয়কট কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
