হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। পর্যালোচনা শেষ হলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি। খবর রয়টার্স।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান এখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
দুদেশের মতবিরোধের অন্যতম প্রধান বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র শুরু থেকেই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত করার ওপর জোর দিচ্ছে। অন্যদিকে তেহরানের অবস্থান, প্রথমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া ও ওই জলপথের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ রয়েছে।
এদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংঘাত নিয়েও কথা বলেন বাঘাই। সংলাপের মাধ্যমে এ সংকট সমাধানে সহযোগিতা করার বিষয়ে তেহরান আগ্রহী বলে জানান তিনি।
বাঘাই বলেন, জাতিসংঘের রোডম্যাপের মাধ্যমে ইয়েমেন সংকট অনেক আগেই সমাধান করা উচিত ছিল। ইয়েমেনি ও সৌদি পক্ষের মধ্যে যে কোনো সমঝোতাকে ইরান সমর্থন করবে বলেও তিনি জানান।
তিনি বলেন, আমাদের অনুরোধ হলো, এই পরিস্থিতির সমাধান সংলাপের মাধ্যমে করা হোক।
