কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন চুয়াডাঙ্গার ফারিয়া কবীর (৩৩) ও তার পাঁচ বছরের ছেলে ফায়িজান আহম্মেদ। বেড়াতে গিয়ে মা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চুয়াডাঙ্গার দক্ষিণ হাসপাতালপাড়ায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০ জনের মধ্যে রয়েছেন তারা।
ফারিয়া কবীর চুয়াডাঙ্গায় বসবাসরত ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের সিনিয়র মার্কেটিং অফিসার নুর আলমের স্ত্রী। চাকরির সুবাদে গত আট বছর ধরে পরিবার নিয়ে চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় বসবাস করছিলেন নুর আলম। ফারিয়ার গ্রামের বাড়ি বরিশালে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বেড়ানোর উদ্দেশ্যে কক্সবাজারে যান তারা। সেখানে ইনানীর টুপটুপ রিসোর্টে শনিবার সকালে আগুন লাগলে প্রাণ হারান ফারিয়া ও তার শিশুসন্তান ফায়িজান।
স্ত্রী ও সন্তানের মৃত্যুসংবাদ পাওয়ার পরই কক্সবাজারের উদ্দেশে রওনা হন নুর আলম। যাত্রাপথে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
একসঙ্গে স্ত্রী ও শিশুসন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে। তাদের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
