Published : 15 Oct 2026, 03:28 PM
Updated : 15 Oct 2026, 03:28 PM
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ১৫ বছর আগে সোহেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক ফারজানা আহমেদ এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) হাবিবুর রহমান।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার কাহিহারী ইউনিয়নের বাগাদাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার বেপারী, তার ছেলে আলমগীর হোসেন আলম বেপারী ও রনি বেপারী এবং একই এলাকার আশিকুর রহমান আশিক। রায় ঘোষণার সময় আদালতে শুধু আব্দুল সাত্তার উপস্থিত ছিলেন।
মামলার বরাতে পিপি হাবিবুর বলেন, ২০১১ সালের ২৮ মে জমির ধান নিয়ে বাড়ি ফেরার পথে আসামিদের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়।
গুরুতর সোহেলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোহেলের বাবা আব্দুল সালাম বেপারী একই বছরের ২ জুন ত্রিশাল থানায় ২০ জনের নামে হত্যা মামলা করেন বলে জানান পিপি।
তদন্ত শেষে পুলিশ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান হাবিবুর।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর করে সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন সোহেলের পরিবার।
