‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোণায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া মাঠে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে অগ্নিকাণ্ড ও জরুরি উদ্ধার বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পল্লব হোম দাস, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।
সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নিজ ঘর থেকেই পূর্বপ্রস্তুতি গ্রহণ করলে জানমালের নিরাপত্তা বহুগুণে জোরদার করা সম্ভব।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
জেএইচআর
