ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, আনন্দ আর দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি। তবে বেড়াতে গিয়ে সামান্য অসতর্কতার কারণে নষ্ট হতে পারে পুরো ভ্রমণের আনন্দ। হারিয়ে যেতে পারে টাকা, খোয়া যেতে পারে মূল্যবান জিনিসপত্র, এমনকি মিস হতে পারে ট্রেন বা বিমানের মতো গুরুত্বপূর্ণ যাত্রাও। তাই ভ্রমণে বের হওয়ার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে কয়েকটি প্রয়োজনীয় জিনিস সব সময় নিজের কাছে রাখা উচিত।
১. টাকা ও ব্যাংক কার্ড
ভ্রমণের সময় সব টাকা এক জায়গায় না রেখে আলাদা আলাদা স্থানে রাখুন। কিছু নগদ টাকা মানিব্যাগে এবং বাকিটা ব্যাগের নিরাপদ পকেটে রাখতে পারেন। ব্যাংক কার্ডও নগদ টাকা থেকে আলাদা রাখুন। এতে মানিব্যাগ হারিয়ে গেলেও সব টাকা একসঙ্গে হারানোর ঝুঁকি কমবে।
২. নিরাপদ ব্যাগ ও ছোট পাউচ
ভ্রমণের জন্য জিপারযুক্ত এবং নিরাপদ পকেট আছে এমন ব্যাগ বেছে নিন। মূল্যবান জিনিসপত্র রাখার জন্য ছোট পাউচ ব্যবহার করতে পারেন। জনাকীর্ণ জায়গায় ব্যাগের দিকে খেয়াল রাখুন এবং সহজে খোলা যায় এমন পকেটে গুরুত্বপূর্ণ জিনিস রাখবেন না।
৩. প্রয়োজনীয় কাগজপত্র
জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, ভ্রমণের টিকিট, হোটেল বুকিং এবং ভ্রমণ বিমার কাগজপত্র সঙ্গে রাখুন। প্রয়োজনীয় নথির ডিজিটাল কপিও মোবাইল ফোনে বা নিরাপদ অনলাইন স্টোরেজে সংরক্ষণ করতে পারেন। এতে মূল কাগজ হারিয়ে গেলে তথ্য খুঁজে পেতে সুবিধা হবে।
৪. ওষুধ ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী
ভ্রমণের সময় প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, শুকনো খাবার ও পানির ব্যবস্থা রাখুন। বিশেষ করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে এসব জিনিস কাজে আসতে পারে। যাত্রার আগে আবহাওয়া, যানবাহনের সময়সূচি এবং সড়কের পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নিন।
৫. জরুরি যোগাযোগের তথ্য
পরিবারের সদস্য বা বিশ্বস্ত কাউকে কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন এবং কবে ফিরবেন, তা জানিয়ে রাখুন। জরুরি যোগাযোগের নম্বর ফোনে সংরক্ষণের পাশাপাশি লিখেও রাখতে পারেন। ফোনের চার্জ শেষ হয়ে গেলে বা ফোন ব্যবহার করা সম্ভব না হলে এই তথ্য কাজে আসবে।
বেড়াতে যাওয়ার আগে পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুকে গন্তব্য, থাকার জায়গা এবং ফেরার সম্ভাব্য তারিখ জানিয়ে রাখুন। এতে জরুরি পরিস্থিতিতে আপনার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে।
ভ্রমণে আনন্দের পাশাপাশি নিরাপত্তাকেও গুরুত্ব দিন। আগে থেকে প্রস্তুতি নিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলানো সহজ হয় এবং ভ্রমণও হতে পারে আরও নিশ্চিন্ত ও উপভোগ্য।