জামালপুরের মেলান্দহে নির্ধারিত ইউনিয়নের কৃষকদের কাছে সার বিক্রি না করে খোলাবাজারির কাছে বিক্রির অভিযোগে এক সার ডিলারের প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার কুলিয়া ইউনিয়নের সার ডিলার মেসার্স কৃষিমন্ত্র মেশিনারীজের স্বত্বাধিকারী আবু সাঈদ মিয়ার প্রতিনিধি ওয়াদুদ সরকারকে এ দণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, কুলিয়া ইউনিয়নের বরাদ্দকৃত সার স্থানীয় কৃষকদের না দিয়ে অবৈধভাবে অন্য এলাকার এক খোলাবাজারি ব্যবসায়ীর কাছে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩০ বস্তা ইউরিয়া ও ৩৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলারের প্রতিনিধি ওয়াদুদ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা ও কঠোর সতর্ক করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া নির্দিষ্ট ইউনিয়নের বরাদ্দকৃত সার অন্য এলাকায় বিক্রির কোনো সুযোগ নেই। ডিলার স্বপ্রণোদিত হয়ে অবৈধ উপায়ে এই সার বিক্রি করায় তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, সারের বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বরদাশত করা হবে না। কৃষকদের অধিকার ও স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
