রাশিয়ায় এ বছরের অন্যতম বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাতে চালানো এ হামলায় দেশটির গুরুত্বপূর্ণ সেন্ট পিটার্সবার্গ অয়েল টার্মিনালও লক্ষ্যবস্তু হয়। এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেলেনস্কি যুদ্ধ শেষ করতে চান না।
রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রতি ট্রাম্পের আহ্বানের মধ্যেই এ হামলা চালানো হয়। রুশ কর্তৃপক্ষের তথ্যমতে, হামলার লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল সেন্ট পিটার্সবার্গ অয়েল টার্মিনাল। টার্মিনালটির বছরে সর্বোচ্চ ১ কোটি ২৫ লাখ টন তেল পরিচালনার সক্ষমতা রয়েছে।
হামলায় ব্যবহৃত ড্রোন নির্মাতা ইউক্রেনের প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট জানিয়েছে, হামলার পর টার্মিনাল চত্বরে আগুন লাগে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত রাতভর দেশটির বিভিন্ন এলাকায় ইউক্রেনের ১ হাজার ১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে কাজ করছেন বলে জানিয়েছেন ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অবসানে শান্তি আলোচনা চালাচ্ছি। আলোচনার টেবিল থেকে রাশিয়াকে নির্বুদ্ধিতার সঙ্গে দূরে সরিয়ে দিতে পারে, এমন কিছু করতে চাই না।”
তবে একই পোস্টে জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি “এই যুদ্ধ শেষ করতে চান না, এবং সম্ভবত কখনোই চাননি।”
সম্প্রতি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এতে রাশিয়ার অব্যাহত হামলার মধ্যে আরেকটি শীতের মুখোমুখি হতে যাওয়া ইউক্রেন মার্কিন গুরুত্বপূর্ণ সহায়তা হারাতে পারে বলে কিয়েভে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার রাশিয়ার ওপর মার্কিন কংগ্রেসের নির্ধারিত ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে দেশটিকে অব্যাহতি দেয়ার একটি ছাড় কার্যকর করেন ট্রাম্প। পরে এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের রাশিয়ার পক্ষ নেয়া হবে “ঐতিহাসিক ভুল”।
এদিকে, রোববার যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অবিরাম যোগাযোগের অংশ হিসেবে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, “আমরা এটি বাস্তবায়ন করতে এবং যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী রাখতে নিজেদের পক্ষ থেকে সবকিছু করছি, যাতে শান্তি আরও কাছে আসে।”
