
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যান্সার শনাক্ত হয়েছে। তাঁর ডান ফুসফুসের নিচের অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের পর টিস্যু পরীক্ষায় ক্যান্সারের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান।
গত ১৩ অক্টোবর মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ৭১ বছর বয়সী পোপের প্রায় ৯০ মিনিটের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় সংগ্রহ করা টিস্যু পরীক্ষায় ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়েছে। ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচার সফল হয়েছে এবং অল্প সময় পর্যবেক্ষণে রাখার পর পোপকে তাঁর কক্ষে ফিরিয়ে নেওয়া হয়।
ভ্যাটিকান সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি ছোট পিণ্ড বা নডিউল শনাক্ত হয়। এ ধরনের পিণ্ড সাধারণত নিরীহ প্রকৃতির হলেও কিছু ক্ষেত্রে ক্যান্সারের লক্ষণ হতে পারে।
আমেরিকান থোরাসিক সোসাইটির তথ্য অনুযায়ী, ফুসফুসের এ ধরনের পিণ্ডের পাঁচ শতাংশেরও কম ক্ষেত্রে ক্যান্সার শনাক্ত হয়। তবে বয়স, পিণ্ডের আকার ও ধূমপানের ইতিহাসের মতো বিষয়গুলোর ওপর ক্যান্সারের ঝুঁকি নির্ভর করে।
নডিউল স্বাভাবিক ফুসফুসের টিস্যুর তুলনায় বেশি ঘন হয় এবং কম্পিউটারাইজড টমোগ্রাফি বা সিটি স্ক্যানে সাদা দাগ হিসেবে দেখা যায়। চিকিৎসকেরা অনেক সময় একে ফুসফুসের ছায়া বা দাগ বলে উল্লেখ করেন। পোপের অস্ত্রোপচারের সময় সংগ্রহ করা টিস্যু পরীক্ষায় ওই পিণ্ডটি ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা বলে নিশ্চিত হওয়া যায়।
অ্যাডেনোকার্সিনোমা এক ধরনের ক্যান্সার, যা ফুসফুসের শ্লেষ্মা উৎপাদনকারী কোষ থেকে শুরু হয়। হলি সি প্রেস অফিসের প্রকাশিত বিবৃতিতে চিকিৎসক লুইজি কার্বোন ও স্টেফানো মার্গারিটোরা জানান, অস্ত্রোপচারের সময় করা টিস্যুর গঠনগত পরীক্ষায় ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা নিশ্চিত হয়েছে। অস্ত্রোপচারের আগেই স্বাস্থ্য পরীক্ষার সময় এ রোগের সন্দেহ করা হয়েছিল।
ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে সাধারণ ধরন অ্যাডেনোকার্সিনোমা। যারা কখনো ধূমপান করেননি, তাঁদের মধ্যেও এ ধরনের ক্যান্সার দেখা যায়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, অধূমপায়ীদের মধ্যে শনাক্ত হওয়া ফুসফুসের ক্যান্সারের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ অ্যাডেনোকার্সিনোমা।
২০২৫ সালের মে মাসে পোপ নির্বাচিত হন চতুর্দশ লিও। তুলনামূলকভাবে তরুণ পোপ হিসেবে পরিচিত তিনি টেনিসসহ বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন। তিনি ধূমপান করেন না বলে জানা যায়। এর আগে তাঁর বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যার খবরও প্রকাশিত হয়নি।
অর্থসূচক/
The post পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যান্সার শনাক্ত appeared first on অর্থসূচক.
