কালবেলা · খেলাধুলা
অটলের শতকে বড় টার্গেট ছুড়ে দিল আফগানিস্তান
১৯/১০/২০২৬

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২৯৪ রানের বড় পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান। আফগানদের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সেদিকউল্লাহ অটল। অন্যদিকে ইবরাহিম জাদরান সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯০ রান করে আউট হয়েছেন।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান মিলে ওপেনিং জুটিতে তোলেন ৫০ রান। গুরবাজ ২০ বলে ২৫ রানের ক্যামিও খেলে সাজঘরে ফিরে গেছেন। এরপর ক্রিজে আসেন সেদিকউল্লাহ অটল। টিকে ছিলেন ইবরাহিম। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন।
আতাল-ইবরাহিমের ব্যাটে চড়ে দিশা ফিরে পায় আফগানিস্তান। দুজনেই তুলে নেন ফিফটি। কার্যকরী ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে ছুটেছেন দুজন। আফগানদের বোর্ডেও রান উঠেছে দ্রুত। সেঞ্চুরির খুব কাছে গিয়ে থেমেছেন ইবরাহিম। ৯৬ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ১৯০ রানের মাথাতে থেমেছেন আফগান ওপেনার। আতাল ঠিকই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছেন। যদিও ইবরাহিমের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরেছেন অধিনায়ক রহমত শাহ এবং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। ১২ বলে ৭ রান করে সাজঘরে ফিরেছেন রহমত। ওমরজাই ৯ বলে ৮ রান করে বিদায় নেন।
অটল সেঞ্চুরি হাঁকিয়ে দলের ২৫৯ রানের মাথাতে থেমেছেন। ১১০ বলে ১০২ রানের ঝলমলে এক ইনিংস খেলে সাজঘরে ফিরে গেছেন। শেষ দিকে দলের হাল ধরেছিলেন হাশমতউল্লাহ শহীদি। ৩০ বলে ২৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। ৭ বলে ৮ রান করে রশিদ খান ব্র্যাড ইভান্সের বলে বোল্ড হয়েছেন। শেষে দ্রুত বেশ কিছু উইকেট হারিয়েছে আফগানরা। ২৯৪ রান তুলে অলআউট হয়েছে আফগানিস্তান। শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন জিম্বাবুয়ের বোলাররা।
জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আরনেস্ট মাসুকু এবং ব্র্যাড ইভান্স। ২ উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। ১ উইকেট তোলেন সিকান্দার রাজা।
মূল প্রতিবেদনে যান ↗