টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ পাঁচ মাস পর স্বামী রাজের সঙ্গে ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শুভশ্রী। সোমবার (১৯ অক্টোবর) ফেসবুকে পরিবারের সঙ্গে কাটানো দুর্গাপূজার মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। ছবিতে রাজ ও তাদের দুই সন্তানকেও দেখা গেছে।
ছবিগুলোর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আমার ছোট্ট একটা পৃথিবী।’ এরপর থেকেই অভিনেত্রীর পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও মন্তব্য।
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি টালিউডের পরিচিত তারকা দম্পতি। একজন পরিচালক, অন্যজন অভিনেত্রী; দুজনেই নিজেদের কর্মজীবনে প্রতিষ্ঠিত। দুই সন্তানকে নিয়ে তাদের পারিবারিক জীবনও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
তবে সাম্প্রতিক সময়ে শুভশ্রীকে ঘিরে আলোচনার অন্যতম কারণ ছিল তার প্রাক্তন প্রেমিক ও অভিনেতা দেবের সঙ্গে নতুন সিনেমা ‘দেশু ৭’। দুর্গাপূজায় মুক্তি পাওয়া সিনেমাটির প্রচারে দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখা গেছে। সিনেমার প্রচারণার সময় তাদের রসায়ন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়।
এমনকি দেবের সঙ্গে শুভশ্রীর ঘনিষ্ঠতা দেখে অনেকে রাজের সঙ্গে তার সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছিলেন। যদিও এসব আলোচনা ও অনুমানের পক্ষে কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি।
এবার রাজ ও দুই সন্তানকে নিয়ে শুভশ্রীর পারিবারিক ছবি প্রকাশের পর সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে। পোস্টের মন্তব্যের ঘরে কেউ মজা করে লিখেছেন, ‘অনেকদিন পর সান্ত্বনামূলক পোস্ট!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘ছবি শেষ, এদের কাহিনিও শেষ। এখন ফ্যামিলি কাহিনি শুরু।’
দেবের দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী রুক্মিণী মৈত্রকেও ঘিরে এসেছে কিছু মন্তব্য।
তবে এসব মন্তব্য মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ব্যক্তিগত প্রতিক্রিয়া। রাজ ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে নতুন কোনো বক্তব্য দেননি এই তারকা দম্পতি। আপাতত দুর্গাপূজায় পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিয়েই অনুরাগীদের নজর কেড়েছেন শুভশ্রী।
