বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের শেষ দিনে অতিমানবীয় ব্যাটিং করেছে আফগানিস্তান দল। বিশেষ করে লোয়ার অর্ডারের ব্যাটাররা মাটি কামড়ে টাইগার বোলারদের সামলেছেন। সেদিকউল্লাহ অটলের ম্যারাথন সেঞ্চুরির পর শেষ দিকে ৮০ বলে ৪৯ রানে অপরাজিত ইনিংস খেলেছেন কায়েস আহমেদ। ম্যাচের অন্তিম মুহূর্তে ক্র্যাম্পের ভান করে কিছু সময় নষ্ট করেন তিনি।
অনেকেই মনে করছেন আফগান প্রধান কোচ রিচার্ড পাইবাসের পরামর্শেই এমনটা করেছিলেন কায়েস। যদিও সংবাদ সম্মেলনে এমন পরামর্শ দেওয়ার কথা উড়িয়ে দিয়েছেন তিনি।
পাইবাস জানালেন স্টোকসের মতো খেলার কথা, ‘কায়েস আহমেদকে আমি উইকেট আঁকড়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু সে আমার কথার বিন্দুমাত্র তোয়াক্কা করেনি! মনে হচ্ছিল সে বেন স্টোকসের রূপ ধরে অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমেছে! তবে শেষ দিকে কায়েস একটা ক্যামিও ইনিংস খেলেছে এবং পুরো দলের মতো সেও শেষ পর্যন্ত অসাধারণ লড়াই চালিয়ে গেছে।’
আফগান ওপেনানের প্রশংসা করতেও ভুলেননি পাইবাস, ‘এর পুরো কৃতিত্ব সেদিকউল্লাহ অটলের নিজের। তবে আমাদের ব্যাটিং কোচ টবি রেডফোর্ডের অবদানও কম নয়। আমরা এই ম্যাচে বড় সেঞ্চুরির লক্ষ্য নিয়ে নেমেছিলাম। তিনি খুব কৌশলী একজন কোচ, যিনি ব্যাটারদের নিজস্ব খেলায় ব্যাঘাত না ঘটিয়ে সঠিক তথ্যটুকু পৌঁছে দেন। তাই এর কৃতিত্ব আমি একা নেব না, পুরো কৃতিত্ব অটল ও টবির।’
এসএইচ
