জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে নগরীর ফিরিঙ্গিবাজারের এক নারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম রমা বিশ্বাস। তিনি ফিরিঙ্গিবাজার এলাকার শচীন্দ্রলাল ভবনের অনুপ বিশ্বাসের স্ত্রী। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এ মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। মামলার এজহারে বলা হয়, রমা বিশ্বাসের স্বামী অনুপ বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ অনুসন্ধান করছিল দুদক। অনুসন্ধান চলমান থাকা অবস্থায় অনুপ বিশ্বাস মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার স্ত্রী রমা বিশ্বাসের অবৈধ সম্পদের অংশ পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায়, রমা বিশ্বাস একজন ব্যবসায়ী। তার নামে আয়কর নথি রয়েছে। তার নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান যথাক্রমে এনআরবি এন্টারপ্রাইজ, পিপি স্কয়ার কমিউনিটি সেন্টার ও এসআরসি কোল্ড স্টোরেজ রয়েছে। মামলার এজহারে আরো বলা হয়, রমা বিশ্বাসের নামে ১১ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৮৬৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপরীতে, পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৮৫৮ টাকা। বাদবাকী ১০ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৬ টাকার সম্পদ তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। অর্থাৎ তিনি ১০ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এজহারে বলা হয়, ২০০৮ সালের ১০ নভেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে বিপুল পরিমাণের এসব জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর উপপরিচালক রিয়াজ উদ্দিন দৈনিক আজাদীকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে সেটিও আমলে নেওয়া হবে।

