প্রতিনিধি, সুনামগঞ্জ · ২১ অক্টোবর, ২০২৬ ১:০৭ অপরাহ্ন
সিলেট বিভাগের কোনো মন্দিরে এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান। তিনি বলেছেন, সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপন করতে চায় প্রশাসন। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ সবার।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। পরে সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের রায়পাড়া (মধ্য তাহিরপুর) সার্বজনীন মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ মসিউর রহমান বলেন, ‘আমরা চাই, সবাই সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপন করব। এটা একটা উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবেন, আর আনন্দটা সবার।’
বিভাগীয় কমিশনার জানান, সিলেট বিভাগে ২ হাজার ৭০০টির বেশি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সাড়ে ৪০০টির বেশি এবং তাহিরপুর উপজেলায় ৩২টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে।
তিনি বলেন, দুর্গাপূজা উদ্যাপনের মধ্য দিয়ে সম্প্রীতির যে বন্ধন তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অটুট রাখতে হবে। সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজার আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল বিসর্জন অনুষ্ঠিত হবে। এ আয়োজনও যেন সবাই মিলে সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করেন, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার প্রত্যাশা জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘আমার প্রতিনিধি ইউএনও কী করছেন, তা দেখব। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’
এ সময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়াসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
