শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তিনিজস্ব চিত্র
Published on
:
1 min read
মাদার টেরিজ়ার ভাস্কর্য সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তার জায়গায় বসানো হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি। সোমবার অষ্টমীতে বালুরঘাটের বিজেপি মোড়ে নতুন মূর্তির উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। বিজেপিকে তীব্র আক্রমণ করেছে বাম ও তৃণমূল।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মাদার টেরিজ়ার মূর্তিটি আগে ছিল বালুরঘাটের মাতৃসদন হাসপাতালের সামনে। বছর দু’য়েক আগে সেটি সরিয়ে বিজেপি মোড়ে বসানো হয়েছিল। অভিযোগ, সপ্তাহ খানেক আগে রাতের অন্ধকারে সেখান থেকেও সরিয়ে নেওয়া হয় মূর্তিটি। সেই সময়ে পুরসভার তরফে জানানো হয়েছিল, মূর্তিটি মেরামতির জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এর পরেই বিজেপি মোড়ে শ্যামাপ্রসাদের মূর্তি বসানোর তোড়জোড় শুরু হয়। সেই নিয়ে বিক্ষোভও দেখিয়েছিল বামেরা। কিন্তু তাতে লাভ হয়নি। এ দিন ঢাকঢোল পিটিয়ে সেই জায়গায় শ্যামাপ্রসাদের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন স্থানীয় আরএসপি নেতা অর্ণব চৌধুরী। তাঁর কথায়, ‘এর পিছনে রাজনীতি রয়েছে। পুরসভাকে দিয়ে জোর করে এই মূর্তি বসানো হলো।’
একই সুরে বিজেপিকে কটাক্ষ করেছেন মমতাপন্থী তৃণমূলের নেতা সুভাষ চাকিও। তিনি বলেন, ‘শহরে আরও অনেক জায়গা ছিল। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তি বসানো যেত।’ রাজনৈতিক আধিপত্য কায়েম করতেই এই সিদ্ধান্ত বলেও দাবি করেন তিনি।
তবে বাম-তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি স্থাপনের পরে সাংসদ সুকান্ত বলেন, ‘১৪-১৫ জন লোক বিক্ষোভ দেখিয়েছিলেন। কেউ পাত্তা দেয়নি।’ তাঁর দাবি, মাতৃসদনের সামনের জায়গাটি ফাঁকা হয়েছে, সেখানেই মাদার টেরিজ়ার মূর্তি বসানো হবে। সুকান্তর কথায়, ‘আগে মূর্তিটি মাতৃসদনের সামনে ছিল। ফের সেখানেই বসানো হবে। তাই এখানে শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপন করা হলো।’
