কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করার অভিযোগে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনীত করার মাধ্যমে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ ব্যাপারে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, জেলা যুবদলের সঙ্গে আলোচনা না করেই ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব ইউনিয়ন পর্যায়ে একটি প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করেছিল। কেন্দ্র থেকে এই ধরনের তালিকা প্রকাশ না করার নির্দেশনা ছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
তারেক চৌধুরী/এসএইচএ
