কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর কষ্টের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেসবুকে তৌসিফ মাহবুব লিখেছেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’
রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ১০ জনের প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোক ও উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
তৌসিফ মাহবুবের পোস্টেও এই মর্মান্তিক ঘটনায় তাঁর গভীর শোক ও মানসিক কষ্টের প্রতিফলন ঘটেছে।
এর আগে একই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি যত্রতত্র রিসোর্ট ব্যবসার বিরুদ্ধে সমালোচনা করেন।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা ও অগ্নিপ্রতিরোধের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
