আজকাল ওয়েবডেস্ক: কলকাতার চোরবাগানে পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ভয়াবহ মৃত্যুর ঘটনায় দায়ী মানুষই, প্রকৃতি নয়। মঙ্গলবার নাগপুরে আরএসএস(RSS)-এর বিজয়াদশমীর বার্ষিক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন দলের প্রধান মোহন ভগবত। তাঁর ভাষণে জানান, মানুষের গাফিলতিতেই চোরবাগানের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। একইসঙ্গে সভামঞ্চ থেকে তিনি এদিন হিন্দুধর্ম, সামাজিক সম্প্রীতি এবং তরুণ প্রজন্মকে দায়িত্বশীলভাবে সমাজমাধ্যম ব্যবহারের নির্দেশও দেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, এদিন কলকাতার ঘটনা প্রসঙ্গে ভগবত বলেন, "সম্প্রতি কলকাতায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এর জন্য প্রকৃতিকে কোনওভাবেই দায়ী করা যায় না। মানুষের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।" এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি নেপালের সাম্প্রতিক পরিস্থিতির উদাহরণও টানেন। তাঁর ভাষণে কিছু দেশের একচেটিয়া ক্ষমতা অপব্যবহারের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে বলেন, "হিমালয় দেশের দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত। প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে উন্নয়ন কখনওই সুস্থায়ী হতে পারে না।"
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর মহাসপ্তমীর দিন উত্তর কলকাতার চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে অতিরিক্ত ভিড় ও হঠাৎ বৃষ্টির কারণে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ বিষয়ে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, বৃষ্টি শুরু হলে বাইরে অপেক্ষারত দর্শনার্থীরা হঠাৎই মণ্ডপের ভিতরে ঢোকার চেষ্টা করেন। এরপরেই হুড়োহুড়িতে কয়েকজন নীচে পড়ে যান। তারপরেই ভয়ানক বিপর্যয় ঘটে।
উল্লেখ্য, চলতি বছর আরএসএস-এর শতবর্ষ উদযাপন প্রসঙ্গে মোহন ভাগবত বলেন, "গত ১০০ বছর ধরে সংঘের মূল লক্ষ্যই ছিল জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলা। দেশকে একটি শক্তিশালী ও স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।" নাগপুরের এই মঞ্চ থেকেই তিনি আজ ভারতের সংস্কৃতি, বৈচিত্র্য এবং সমাজের সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
