ছবি: সংগৃহীত
-->পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ে অন্তত ৩৪ শিশু ও এক শিক্ষিকাসহ মোট ৩৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুদের অধিকাংশেরই বয়স ১৩ বছরের নিচে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের দির কলোনি এলাকায় অবস্থিত একটি এডুকেশন ট্রাস্ট পরিচালিত স্কুলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির উপরের তলার ছাদটি ধসে নিচে প্রথম তলার ছাদের ওপর পড়ে। পরবর্তীতে সেই ছাদ ভেঙে নিচে ক্লাসে থাকা শিক্ষার্থীদের ওপর আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হাসপাতালে ২৮টি শিশু এবং এক শিক্ষিকার মরদেহ আনা হয়েছে। এর মধ্যে ৬ জন ছাত্রী রয়েছে। এছাড়া নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে আরও দুটি মরদেহ নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরপরই পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিডিও) ড. মিয়াঁ সাঈদ জানান, ওই বেসরকারি স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
পেশোয়ারের ডেপুটি কমিশনার নিশ্চিত করেছেন যে, ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া সবাইকে উদ্ধার করা সম্পন্ন হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখান থেকে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
প্রধানমন্ত্রী আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
এদিকে প্রদেশের শিক্ষা সচিব এনায়েতুল্লাহ ওয়াসিম প্রাইভেট স্কুল রেগুলেটরি অথরিটিকে দ্রুত তদন্ত করে আগামীকালের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: জিও টিভি
আজহার/
