সিরাজগঞ্জের কামারখন্দে পূর্বশত্রুতার জেরে এক যুবকের ওপর রামদা দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে মো. সবুজ ওরফে দুল্লাহ নামে ওই যুবকের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হামলার পর রামদা হাতে বাজার এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন অভিযুক্ত মো. রাজু। স্থানীয় লোকজন তাকে থামাতে গেলে নিজের হাতের রামদায় তিনি নিজেই গলায় আঘাত পান। পরে আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের প্রামাণিক পাড়া মাজারের সামনে রাজুর বাড়ির কাছে এ ঘটনা ঘটে। আহত সবুজ ওরফে দুল্লাহ ওই এলাকার মো. দেলবারের ছেলে। অভিযুক্ত রাজু একই এলাকার মো. শাহিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ ওরফে দুল্লাহ ভাঙারির ব্যবসা করেন। বুধবার বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথে রাজুর বাড়ির সামনে পৌঁছালে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় রামদার কোপে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায়ও আঘাত পান তিনি। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।
হামলার পর রাজু রামদা হাতে পুরো বাজার এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন তাকে থামানোর চেষ্টা করলে নিজের হাতের রামদায় তিনি নিজেই গলায় আঘাত পান। পরে তাকে সিরাজগঞ্জের একটি হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। রাজু আগে থেকেই মাদকাসক্ত।
আহত দুল্লাহর বাবা মো. দেলবার বলেন, আমি ভালো-মন্দ কিছুই জানি না। আমার ছেলে কাজ শেষে রাজুদের বাড়ির সামনে দিয়ে নিজের বাড়িতে ফিরছিল। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। ছেলের প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত রাজুর পরিবারের কাউকে পাওয়া যায়নি, তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। আমরা ঘটনাস্থলে এসেছি।
নাজমুল হাসান/আরএআর
