
রাজবাড়ীতে ঝুটের আড়ালে ৯০ লাখ টাকার ইয়াবা, ট্রাকসহ গ্রেপ্তার ৩
রাজবাড়ীতে ঝুটের আড়ালে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত ঝুট ভর্তি ট্রাক জব্দ করা হয়।
শনিবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চৌরাস্তা বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ট-১৮-১১২৮ নম্বরের ঝুট বোঝাই ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৫০টি নীল জিপার ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। এছাড়া ১২ টন ঝুট ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ৩ জনই যশোর জেলার বেনাপোল এলাকার বাসিন্দা।
ব্রিফিংয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, "তারা টেকনাফ থেকে ঝুটের আড়ালে ইয়াবার চালান নিয়ে যশোরে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। মাদকমুক্ত রাজবাড়ী গড়তে পুলিশের এ অভিযান চলমান থাকবে।" এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
