রাজধানীর আব্দুল্লাহপুর রেলগেট এলাকায় চাঁদা না দেওয়ায় শামসুল (৩২) নামে এক সেলসম্যানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বিল্লাল ও তার বাহিনীর বিরুদ্ধে। এ সময় তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত শামসুলের বাবার নাম খায়রুল ইসলাম। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি দক্ষিণখান এলাকায় বসবাস করেন এবং রবি মোবাইল ফোন কোম্পানির সেলসম্যান হিসেবে প্রতিদিন আব্দুল্লাহপুর রেলগেট এলাকায় বসে সিম বিক্রি করতেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় বিল্লালের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল শামসুলের কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তার বুকের বাঁ পাশে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়। এতে তার বুকে প্রায় ছয় ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. এনি বলেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
