পাবনায় ছাত্রশিবিরের সিরাত সম্মেলনে এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল ও ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন রাসূলের আদর্শ অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানিয়েছেন।
রাসূলের আদর্শ অনুসরণ ছাড়া ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পাবনার বনমালী শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা শাখা আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
পাবনা জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম পথনির্দেশনা। তাঁর আদর্শ অনুসরণ ছাড়া ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তরুণ সমাজকে সিরাতের শিক্ষা ধারণ করে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে রাসুল (সা.)-এর আদর্শের প্রতি প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ।”
বিশেষ অতিথির বক্তব্যে ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত। তাঁর জীবনে নেতৃত্ব, ন্যায়বিচার, সহনশীলতা, ক্ষমা ও মানুষের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত রয়েছে। বর্তমান সংকটময় সময়ে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি।”
তিনি বলেন, “তরুণদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সিরাতচর্চা বাড়াতে হবে। রাসুল (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের জ্ঞানার্জন, চরিত্র গঠন এবং দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আবু সালেহ আহমদ, শহর শাখার সভাপতি আব্দুল্লাহ ও এসএম সোহেল।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ কেবল ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা মানবিকতা, সামাজিক ন্যায়বিচার, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও পারস্পরিক সম্প্রীতির পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তাঁর আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোরহানউদ্দিন। সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
