মাঠে হাসান মাহমুদকে ব্যাটসম্যানদের বোকা বানাতে দেখা যায়। বল হাতে তাঁর কারিকুরি তো কম নেই। এই তো সর্বশেষ টেস্টেও ফাইফারসহ নেন ৬ উইকেট। তবে এবার হাসান নিজেই বোকা বনে গেলেন!
সতীর্থদের সাজানো এক অভিনব প্র্যাংকে (মজা) বোকা বনে যান হাসান। তাতে হাসানের প্রতিক্রিয়া? একেবারে দেখার মতো!
তবে এ ঘটনার শুরুটা বেশ গম্ভীর। বিসিবির সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ হাসানকে বলছেন, ‘হাসান, তোমার বোলিং দারুণ হচ্ছে। পারফরম্যান্সও ভালো। কিন্তু সোহেল ভাইয়ের (টিম বয় সোহেল হোসেন) সঙ্গে তোমার আচরণ ঠিক হয়নি। কিছু প্রশ্ন করার ধরনও ছিল ভুল।’ কথাগুলো শুনে হাসানের মুখের হাসি উধাও হওয়ার জোগাড়!
এরপর আসল ঘটনা। মুশতাক আহমেদ আরও বললেন, ‘তোমার আচরণে সোহেল ভাই খুব মন খারাপ করে আছেন। কী হয়েছে, তা জানা নেই। তবে দলগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাই সোহেল ভাইকে ডেকে আনতে হবে।’
ব্যস! শুরু হলো হাসানের দুচিন্তা। তিনি কী করলেন? কী এমন বললেন যে ‘সোহেল ভাই’য়ের মন খারাপ হয়ে গেল?
পর্দার আড়ালে চলছিল অন্য খেলা। পুরো ঘটনাই সাজানো। হাসানকে জন্মদিনের চমক দিতে চলছিল মহাপরিকল্পনা। আর সেই পরিকল্পনারই সবচেয়ে বড় শিকার হাসান!
শেষ পর্যন্ত রহস্যের পর্দা খুলল এভাবে—গম্ভীর মুখগুলো বদলে গেল হাসিতে। চারদিক থেকে শুভেচ্ছার ধুম। সবাই বলে উঠলেন, ‘হ্যাপি বার্থ ডে!’
হাসান তখনো পরিস্থিতি পুরো বুঝে উঠতে পারেননি। তাঁর প্রতিক্রিয়া, ‘আমি ভাবছিলাম, আমি আবার কী করলাম!’
এই একটি কথাতেই যেন পুরো প্র্যাংকের সার্থকতা! জন্মদিনের আয়োজন করতে গিয়ে হাসানকে এমন দুশ্চিন্তায় ফেলা হলো যে নিজের অপরাধ খুঁজতেই ব্যস্ত হয়ে পড়লেন!
শেষটা হলো খাওয়াদাওয়ার আনন্দে। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের অভিনয়ের প্রশংসাও করেন। প্রশংসা প্রাপ্য দলের অন্য সদস্যদেরও। যেভাবে মুশতাক আহমেদের কথার সময় গোমড়ামুখে সবাই বসে ছিলেন, হাসানের তা দেখেই ভয় পাওয়ার কথা।
হাসানের জন্মদিন ছিল ১২ অক্টোবর, সেই জন্মদিন উদ্যাপনের ভিডিও বিসিবি পোস্ট করেছে গতকাল রাতে।
