প্রকাশিত: ১৫:৩৮, ১৩ অক্টোবর ২০২৬ আপডেট: ১৫:৪০, ১৩ অক্টোবর ২০২৬
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
কলকাতার রাজাবাজারে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে কলকাতায় এক প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটায় কলকাতার রাজাবাজার এলাকা থেকে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। মিছিলটি শেষ হওয়ার কথা পার্ক সার্কাস সাত মাথার মোড়ে।
এদিকে এই কর্মসূচিতে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ও রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, যেখান থেকে মিছিল শুরু হবে, সেখানেই যেন তা থামিয়ে দেওয়া হয়। পূজার সময় শহরে কোনো রকম অশান্তি ও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সতর্ক করে বলেন, রাজ্যে কোনো ধরনের অশান্তি তৈরি করার চেষ্টা যেন না করা হয়। মিছিল মিছিল যেখানে শুরু হবে, ওখানেই তা শেষ করে দিতে হবে। মুসলিম অধ্যুষিত কলকাতার রাজাবাজার থেকে মিছিল শুরু করে আবার মুসলিম অধ্যুষিত পার্ক সার্কাস এলাকায় মিছিল শেষ করার পরিকল্পনাটি সন্দেহজনক বলেও মন্তব্য করেন শুভেন্দু।
মঙ্গলবার দুপুর থেকেই কলকাতার রাজাবাজার ও তার আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত রাজাবাজার এসে পৌঁছাননি। তার দলের দুই সংসদ সদস্য কুনাল ঘোষ ও দোলা সেন রাজাবাজার পৌঁছেছেন। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা রয়েছে। তৃণমূল কংগ্রেসের শত শত সমর্থক ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
