মেহেরপুর সীমান্ত দিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদক চোরাচালানের চেষ্টা ভণ্ডুল করতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল ও ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংমহল বিওপির খাসমহল এবং ধলা বিওপির ধলার মাঠ এলাকায় বিজিবির দুটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ বোতল ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, বাংলাদেশে আমদানি নিষিদ্ধ ৩ হাজার ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, রংমহল বিওপির অভিযানে উদ্ধারকৃত ১৬ বোতল ফেনসিডিল ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা। অন্যদিকে ধলা বিওপির অভিযানে উদ্ধারকৃত ৬ কেজি গাঁজা, ৪৮০ পিস ডেক্সামেথাসন ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। দুটি অভিযানে উদ্ধারকৃত মোট মাদকদ্রব্যের সিজার মূল্য ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও সার্বিক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক নির্মূলে বিজিবি ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে এ ধরনের কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর
