চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে রাখা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। পরে হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে সেটিও আটকে দেওয়া হয়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছেন। ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করা এবং মহাসড়কে যানবাহন চলাচল পুনরায় চালু করতে পুলিশ কাজ করছে।
