নিজের পৈতৃক সম্পত্তি বিক্রির টাকায় নার্সারি গড়ে তোলা, হাজার হাজার গাছের চারা রোপণ এবং মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা—এভাবেই গত ৩৪ বছর ধরে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন ভোলার চরফ্যাশন উপজেলার মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল (৬০)। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগের খবর পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রকৃতিপ্রেমী এই ইমাম।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রেজাউল কিবরিয়া বাবুল। এ সময় তিনি দীর্ঘদিনের বৃক্ষরোপণ কার্যক্রম ও পরিবেশ রক্ষায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
সাক্ষাৎ শেষে বাবুল জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রায় এক ঘণ্টা আলোচনা হয়েছে। তাঁর কর্মকাণ্ডের বিস্তারিত শুনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে রেজাউল কিবরিয়া বাবুলের বৃক্ষরোপণ কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে।
বাবুলের বাড়ি চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নে। তিনি স্থানীয় জনতা বাজারসংলগ্ন কালাপানিয়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম। দুই যুগ ধরে এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে ১৯৯৩-৯৪ সালে প্রায় আট লাখ টাকায় নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে স্থানীয় ভূইয়ারহাটে একটি নার্সারি গড়ে তোলেন বাবুল। সেখান থেকেই শুরু হয় তাঁর বৃক্ষরোপণ উদ্যোগ। মাইকে ঘোষণা দিয়ে বিনা মূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করতেন তিনি। পাশাপাশি মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতেন।
গত ৩৪ বছরে তিনি ফলদ, ঔষধি ও অন্যান্য প্রজাতির প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা রোপণ করেছেন। এর মধ্যে তালগাছের বীজ রয়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার। নানা কারণে সব গাছ টিকিয়ে রাখা সম্ভব না হলেও তাঁর উদ্যোগ থেমে থাকেনি। ওমরপুর ইউনিয়নের বাউল সড়কসহ স্থানীয় আরও চারটি সড়কের পাশে গাছ লাগিয়ে যাচ্ছেন তিনি।
আগামী প্রজন্মের জন্য নির্মল বাতাস ও সবুজ পরিবেশ নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন এই ইমাম। বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া হিসেবেও দেখেন তিনি। নিজের সামর্থ্য কাজে লাগিয়ে দীর্ঘদিনের এই উদ্যোগে স্থানীয় সড়কগুলোর পরিবেশ বদলানোর পাশাপাশি বৃক্ষরোপণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রেজাউল কিবরিয়া বাবুল।
এমএস/
