আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ সালের আইপিএলের আগে বড়সড় পরিবর্তনের পথে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ব্লু ব্রিগেডের হেড কোচের পদ থেকে সরছেন শ্রীলঙ্কান লেজেন্ড মাহেলা জয়বর্ধনে।
দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে এবার নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছে মুম্বই। এরই মধ্যে আরও একটি জল্প ছড়িয়েছে ক্রিকেটমহলে। আগামী মরশুমে ফের দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে রোহিত শর্মাকে।
তবে এই প্রসঙ্গে মুম্বইয়ের তরফে কিছুই জানানো হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক জয়বর্ধনের। বিভিন্ন ভূমিকায় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
তাঁর বিদায়ের পর আগামী মরশুমের আগে দলের কোচিং কাঠামো নতুন করে সাজানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মুম্বইকে। গত কয়েকটি মরশুমে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি মুম্বই ইন্ডিয়ান্স।
তাই আসন্ন আইপিএলের আগে সঠিক কোচিং কাঠামো তৈরি করা মুম্বইয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কের ইতি টানার প্রসঙ্গে আবেগঘন বার্তা দিয়েছেন মাহেলা জয়বর্ধনে।
তিনি জানিয়েছেন, এক দশকেরও বেশি সময় ধরে মুম্বই ইন্ডিয়ান্স তাঁর জীবনের বিশেষ অংশ। জয়বর্ধনের কথায়, ‘দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ‘ওয়ান ফ্যামিলি’ এবং সর্বোপরি সমর্থকদের জন্যই এই যাত্রা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে কাটানো সময় আমি সবসময় মনে রাখব।’
জয়বর্ধনের অবদানের প্রশংসা করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার নীতা আম্বানিও। তাঁর বক্তব্য, ‘বছরের পর বছর ধরে ফ্র্যাঞ্চাইজির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জয়বর্ধনে। তাঁর নেতৃত্ব, সততা এবং ক্রিকেটের প্রতি গভীর ভালবাসা দলের কাছে অত্যন্ত মূল্যবান।’
মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের পক্ষ থেকে জয়বর্ধনেকে ধন্যবাদ জানিয়ে নীতা আম্বানি তাঁর নিষ্ঠা ও অবদানের কথাও উল্লেখ করেছেন। জয়বর্ধনের বিদায়ের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্সের শীর্ষ কর্তারা দলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিতের হাতে ফের নেতৃত্ব তুলে দেওয়ার কথা ভাবছেন।
রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে।
https://youtu.be/JwFdq_tA9cE?si=OsjyrjXCkRVx0zUN
তবে আগামী মরশুমে রোহিতই অধিনায়ক হবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। জয়বর্ধনের বিদায়ের পর নতুন কোচিং কাঠামো এবং অধিনায়কত্ব নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর ক্রিকেটমহলের।
