সাব্বির আহম্মেদ, বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশুলিয়া থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে, এসময় বিএনপি নেতা পিয়ার আলী ও ইদ্রিস আলী ভূইয়া সহ প্রায় ৩০/৩৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুর করে এবং প্রায় ২৫০০ লোকের জন্য রান্না করা খাবার মাটিতে ফেলে দিয়ে যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে।
শনিবার ২২ মার্চ দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে আশুলিয়ার রূপায়ণ মাঠে এ হামলার ঘটনা ঘটে।
হামলার কারণ ও ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির আশুলিয়া থানা বিএনপি'র সহ-সভাপতি পিয়ার আলীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষিপ্ত হয়ে তিনি তার অনুসারী ধামসোনা ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস আলী সহ ৩০-৩৫ জন নিয়ে ইফতার মাহফিলে হামলা চালান। হামলাকারীরা প্রায় ২৫০০ জন রোজাদারের জন্য রান্না করা খাবার ফেলে দেন।
এ ঘটনায় যুবদলের নেতা জহিরুল ইসলাম বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করছিলাম। কিন্তু পিয়ার আলী ও তার লোকজন হামলা চালিয়ে আমাদের দুটি মোটরসাইকেল নিয়ে যায় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পেয়ার আলী ও তার লোকজনের হামলায় যুবদল কর্মী সাঈদ, শাহাদাত, আহত হয়, এছাড়াও ডেকোরেশনের লোকজনকেও মারধর করা হয়।"
পুলিশের হস্তক্ষেপ
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রতিক্রিয়া
এলাকাবাসী এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেছেন। উল্লেখ্য যে, পিয়ার আলীর নামে অবৈধ জমি দখল, ধর্ষণ ও ধর্ষণের ঘটনা মিমাংসা সহ আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় ওই এলাকার জনসাধারণের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের তদন্ত (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
