চোরাই মোটরসাইকেল উদ্ধারের তদন্তে নেমে চোরচক্রের পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
এর আগে, রোববার রাতে জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, মিঠাপুকুর উপজেলার মাঝগ্রামের শাহিন মিয়া (৩২), পীরগঞ্জের পার্বতীপুর এলাকার শিমুল মণ্ডল (৩৫), একই উপজেলার কাজীপাড়ার মিলন মিয়া (৩৫), জাহাঙ্গীরাবাদ এলাকার হাসান মিয়া (২৮) ও ভগবানপুর গ্রামের রাশেদ প্রধান (৩২)।
ওসি রফিকুল ইসলাম বলেন, গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর নগরীর দর্শনা আলহাজ্ব নগর থেকে একটি পালসার মোটরসাইকেল হারিয়ে যায়। পরে ভুক্তভোগী তাজহাট থানায় একটি চুরির মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে সিসি ক্যামেরা বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেল চোরচক্রের মূলহোত শাহিন মিয়াকে আটক করা হয়।
পরে শাহিন মিয়ার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোটরাসাইকেল চুরির সঙ্গে সম্পৃক্ত আরও চারজনকে আটক করা হয়। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলসহ পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আটক হওয়া চোরচক্রের সদস্যের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণা করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, সেই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
