ফরিদপুরে বালুভর্তি ট্রাকের নিচে ইজিবাইক-প্রাইভেটকা চাপা পড়ে নিহত ৩ ও আহত ৬
অনলাইন ডেক্স
- আপডেট সময় : ০৪:৩৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ভোরের কন্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঢাকার বাসের টিকিট না পেয়ে পরিবারের সঙ্গে ইজিবাইকে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন মা সুমি বেগম। কিন্তু ঘাতক বালুবোঝাই ট্রাক সেই স্বপ্ন এক নিমেষেই ধূলিসাৎ করে দিল। ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক উল্টে ইজিবাইক ও একটি প্রাইভেটকারকে পিষে দেয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় মা, তাঁর ৭ বছরের শিশুসন্তান এবং ইজিবাইক চালকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) এবং তাঁর ৭ বছর বয়সী শিশুপুত্র শাওন। নিহত ইজিবাইক চালকের (২৭) নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সুমি বেগমের পরিবার ঢাকায় থাকেন। মাগুরায় সুমির বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন তাঁরা। ছুটি শেষে ঢাকায় ফেরার উদ্দেশ্যে বাসের টিকিটের খোঁজে বের হন। তবে বাসের টিকিট না মেলায় বাধ্য হয়ে পরিবারের ৬ সদস্য একটি ইজিবাইকে চড়ে ফরিদপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ফরিদপুর থেকে আসা একটি বেপরোয়া বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ইজিবাইক ও পাশেই থাকা একটি প্রাইভেটকারকে সজোড়ে চাপা দিয়ে উল্টে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফরিদপুর ফায়ার সার্ভিস। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, “ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও একটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে। ইজিবাইক ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে বালুর নিচে তলিয়ে যায়। প্রায় ১ ঘণ্টার অক্লান্ত চেষ্টায় বালুর নিচে চাপা পড়া ইজিবাইক চালকের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়।”
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, “প্রথমে প্রাইভেটকার যাত্রী নিহতের গুঞ্জন থাকলেও ঘটনাস্থলে পৌঁছানোর পর নিশ্চিত হওয়া যায় ইজিবাইকের ২ যাত্রী (মা-ছেলে) ও ইজিবাইক চালক মারা গেছেন। প্রাইভেটকারের চালক পালিয়ে গেলেও আহত ২ যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
