‘ল্যাপটপ ভাগাভাগি করে খেয়েছেন’: বিএনপি নেতার পোস্ট ঘিরে তোলপাড়
জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ এবং সার ডিলারশিপ বণ্টনে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। শনিবার সন্ধ্যায়..
বাংলাদেশ
জার্নাল ডেস্কজয়পুরহাটে জুলাইযোদ্ধাদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ এবং সার ডিলারশিপ বণ্টনে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দলের ভেতরে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টে ফয়সাল আলিম অভিযোগ করেন, ল্যাপটপগুলো নিজেদের মধ্যে ‘ভাগাভাগি করে খাওয়া’ হয়েছে। এছাড়া নির্যাতিত ও ত্যাগী দলীয় নেতা-কর্মীদের বঞ্চিত করে আত্মীয়-স্বজনের (শাশুড়ি, শ্যালক) নামে সার ডিলারশিপ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। পোস্টের শেষে তিনি আক্ষেপ করে লেখেন, ‘আমি তো অবাক নয়নে দেখে যাচ্ছি আমাদের জয়পুরহাটের কী হবে?’

তাঁর এই পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাঁর পক্ষে অবস্থান নিয়ে স্থানীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলেছেন। অন্যদিকে, বেলাল হোসেন ও জিল্লুর রহমান নামে কয়েকজন মন্তব্যকারী দলের ভেতরে কোন্দল সৃষ্টি করা এবং এমন পোস্টের মাধ্যমে জামায়াতকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য ফয়সাল আলিমের তীব্র সমালোচনা করেছেন।
নিজ অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে ফয়সাল আলিম বলেন, তিনি দলের বিরুদ্ধে নয়, দলের পক্ষেই এই সত্যি কথাগুলো বলেছেন। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো দুর্নীতি ও অনিয়ম প্রশ্রয় দেন না। কারা ল্যাপটপ ভাগাভাগি করেছে এবং ডিলারশিপ পেয়েছে, তা জয়পুরহাটবাসী জানে বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, এই পোস্টের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। ফয়সাল আলিমের মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, "স্ট্যাটাসটি পড়তে আমার রুচিতে বেঁধেছে।"
বাংলাদেশ জার্নাল/ওএফ