বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে এই নির্বাচনের মাধ্যমে দলীয় ভুলত্রুটি ও দুর্বলতাগুলো চিহ্নিত করার সুযোগ হয়েছে, যা ভবিষ্যতের পথচলায় সতর্ক থাকতে সাহায্য করবে।
গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “জনগণ আমাদের যে ভালোবাসা দিয়েছেন, সে জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই দেশ ইনশাআল্লাহ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে সঙ্গে নিয়ে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে তিনি নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি দিয়ে দিনরাত কাজ করার আহ্বান জানান। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রশংসা করে তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্ত ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না। এবার জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা ও পর্যালোচনার আলোকে কাজ করলে কাঙ্ক্ষিত সফলতা আসবে। শেষ পর্যন্ত এই দেশের জনগণই নির্ধারণ করবে দেশ কারা পরিচালনা করবে।”
সম্মেলনে ডা. শফিকুর রহমান নগরবাসীকে ৫০টিরও বেশি সেবার সুযোগ সংবলিত একটি আধুনিক ‘নাগরিক সেবা’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আসন্ন নির্বাচনে রুকনদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান, মোবারক হোসেন, নুরুল ইসলাম বুলবুল এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

