নেত্রকোনার বারহাট্টায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মো. ফারুক মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম এবং তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সাইফিক (২২) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার অস্মা ইউনিয়নের দেওপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে গাবরকান্দা থেকে দেওপুর বাজারগামী কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফিক ও ফারুক একই এলাকার বাসিন্দা। প্রায় এক মাস আগে রমিজ (১৮) নামে এক যুবকের কাছ থেকে সাইফিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের সালিশে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন ফারুক মিয়া তাঁর বোনকে দেওয়ার জন্য খালার বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে দেওপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে সাইফিক তাঁকে পেছন থেকে ডাক দেন। ফারুক সাড়া না দিলে সাইফিক তাঁর সঙ্গে থাকা লোকজনকে নিয়ে পেছন থেকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
এতে ফারুকের পিঠে তিন স্থানে গুরুতর আঘাত লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাঁর কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে পথচারীরা ফারুককে চিনতে পেরে তাঁর খালাকে খবর দেন। খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মো. মানিক মিয়া বারহাট্টা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সাইফিকসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post ছিনতাইকারীদের খপ্পরে যুবক: বাধা দেওয়ায় এলোপাতাড়ি কুপিয়ে জখম appeared first on ভোরের চেতনা.
