গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে দগ্ধ তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
দগ্ধ তিনজন হলেন লালচান (৬০), তানিশা (১৬) এবং নাছিমা (৫০)। তাদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে, তানিশার পুড়েছে ৮৬ শতাংশ আর নাছিমার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘দগ্ধদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। গ্যাস লিকেজের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
