প্রকাশিত: ০৮:০৫, ২১ অক্টোবর ২০২৬ আপডেট: ০৮:৩২, ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হামলার শিকার পুলিশ সদস্যকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। আহত অবস্থায় তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কদ্দুসকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়ি সজনগাঁওয়ে যান ভালুকা মডেল থানার পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে কদ্দুসের লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
