গেজেট প্রতিবেদন অক্টোবর ২৩, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা মিলিয়ে এ ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে প্রতিষ্ঠানভেদে ছুটি কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট ছুটির তালিকার ওপর।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এর পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় ছুটি নিয়ে ভিন্নতা : বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে। কারণ, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারণ করে। তাই দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই সময়ে টানা তিন দিনের ছুটি থাকবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির তালিকার ওপর।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। এ কারণে মাদরাসার শিক্ষার্থীদের জন্য এই ছুটি কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুসরণ করতে হবে।
তাই নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি উপভোগের আগে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা দেখে নেয়ার পরামর্শ দেওয়া হলো।
খুলনা গেজেট/এনএম
