খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
ঝিনাইদহ সদর উপজেলার বকশি-চাঁদপুর গ্রামে বড় ভাই সুমন মন্ডলের কোদালের আঘাত ও মারধরে ছোট ভাই সোহান মন্ডল (২৬) নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহান মন্ডল ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন মন্ডল পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোহানের স্ত্রীর সঙ্গে সুমনের প্রায়ই বিরোধ হতো। এর জেরে শনিবার বিকেল ৫টার দিকে গ্রামের মাঠে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথার পেছনে আঘাত করেন। এ সময় তিনি ছোট ভাইকে এলোপাতাড়ি মারধরও করেন। সোহানের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সুমন পালিয়ে যান।
পরে স্থানীয়রা সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত সুমন মন্ডলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
খুলনা গেজেট/উউরা
