সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে আসামি করে দায়েরকৃত মামলার ন্যায় বিচার চেয়েছেন মিথ্যা হত্যা চেষ্টায় অভিযুক্ত গাজীপুরের শ্রীপুরের এস এম জহিরুল ইসলাম নামের এক গণমাধ্যমকর্মী।
রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে নিজ বাড়িতে সহকর্মীদের কাছে ওই হয়রানি মূলক মামলার কপি দেখিয়ে এমন দাবি করেন তিনি।একই সাথে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ভুক্তভোগী এস এম জহিরুল ইসলাম উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের শাহজাহান কবিরের ছেলে। তিনি দেশের বহুল প্রচলিত দৈনিক আমার দেশ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, গাজীপুরের আদালতে দায়ের করা একটি ফৌজদারি মামলা নং ২৫১২/২৬ তে সংবাদকর্মী জহিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে হয়রানি বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জহিরুল ইসলাম। মামলায় উল্লেখ করা ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকেসহ হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন ও ইসমাইল হোসেনকে মামলায় জড়ানো হয়েছে।
সংবাদকর্মী জহিরুল ইসলাম বলেন, কিছুদিন আগে শ্রীপুরের তালতলী এলাকার জমিসংক্রান্ত বিরোধ নিয়ে তিনি সংবাদ প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর আইন উদ্দিন ও তাঁর ছেলে আলমাছ উদ্দিন তাঁকে হয়রানির হুমকি দেন। এ ঘটনায় তিনি শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আইন উদ্দিনের মেয়ে শাহনাজের করা মামলায় তাঁকে আসামি করা হয়। তবে, মামলায় উল্লেখ করা কথিত ঘটনার বিষয়ে আগে শ্রীপুর থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে পুলিশ তাঁকে জানিয়েছিল।
লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তবে তিনি কাউকে আগাম অপরাধী হিসেবে চিহ্নিত করতে চান না। অভিযোগের সত্যতা যাচাইয়ে মামলার নথি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
তিনি নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে কি না তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই এবং হুমকি ও হয়রানির অভিযোগ অনুসন্ধানের দাবি জানান। তদন্তে অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন জহিরুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আইন উদ্দিন একজন মামলাবাজ ও কৌশলী লোক। তাকে সবাই ভয় পায়। তার অন্যায়ের বিরুদ্ধে যিনিই কথা বলবে তাকেই জড়িয়ে সে নিজে অথবা পরিবারের লোকজন দিয়ে প্রতিবাদকারীকে মামলায় ফাঁসাবে। যে কথাটি গ্রামের বেশীরভাগ লোকই জানে। তাই, এই মামলা নিশ্চিত হয়রানিমূলক।
এসব বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে বাদীকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন,' যেহেতু মামলাটি আদালতে দায়ের করা। পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করে প্রতিবেদন জমা দিবে। '