সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হয়ে পড়ায় এখন পর্যন্ত ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী। স্থগিত ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি এবং সৌদিয়া এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া রিয়াদ এয়ারলাইনসের ৭টি সরাসরি ফ্লাইট স্থগিত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালাম এয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট স্থগিত রয়েছে।
ফ্লাইট স্থগিতের কারণে এখন পর্যন্ত অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তবে রিয়াদ এয়ারলাইনসের স্থগিত ফ্লাইটগুলোর যাত্রীসংখ্যা হিসাবের সঙ্গে যুক্ত হলে ভোগান্তিতে থাকা যাত্রীর মোট সংখ্যা আরও বাড়তে পারে।
