বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার। অন্যদিকে, উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন পেশায় কাজ করছেন, যেখানে তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার যথাযথ ব্যবহার হচ্ছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘রিজিওনাল ইকোনমিক আউটলুক: এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনটিতে ২ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চাকরিপ্রার্থীদের দক্ষতা ও নিয়োগদাতাদের চাহিদার মধ্যে অমিল তরুণদের কর্মবাজারে প্রবেশের অন্যতম বড় বাধা। প্রয়োজনীয় দক্ষতার অভাবে অনেকে দীর্ঘদিন চাকরি পান না। আবার চাকরি পেলেও অনেকে নিজেদের যোগ্যতার তুলনায় কম দক্ষতার কাজ করেন।
এশিয়ার অনেক দেশে কৃষিসহ অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের আধিক্য রয়েছে। এসব কাজে চাকরির নিরাপত্তা, আনুষ্ঠানিক চুক্তি ও পেশাগত উন্নতির সুযোগ সীমিত। ফলে শুধু বেকারত্বের হার দিয়ে শ্রমবাজারের প্রকৃত দুর্বলতা বোঝা যায় না বলে মনে করছে আইএমএফ।
এআইয়ের প্রভাব বাড়ছে চাকরির বাজারে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার কর্মসংস্থানের চ্যালেঞ্জ আরও বাড়াচ্ছে। এশিয়ার ১৯টি অর্থনীতির চার কোটি অনলাইন চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করে আইএমএফ দেখেছে, এআইয়ের প্রভাব বেশি এমন পেশায় কর্মীর চাহিদা তুলনামূলকভাবে প্রায় ১০ শতাংশ কমেছে। একই সময়ে এআই-সংশ্লিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা বেড়েছে।
আইএমএফের মতে, বর্তমানে এআইয়ের প্রভাব তুলনামূলক কম এমন অর্থনীতিগুলোও ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। উৎপাদন ও সেবা খাতে নতুন যেসব চাকরি তৈরি হবে, সেগুলোর অনেকগুলোই এআইয়ের কারণে পরিবর্তিত হতে পারে।
বাংলাদেশে আগামী বছরগুলোতে কর্মক্ষম মানুষের সংখ্যা আরও বাড়বে। এই জনশক্তিকে উৎপাদনশীল কাজে যুক্ত করতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় দক্ষতা নিশ্চিত করা এবং উৎপাদন ও সেবা খাতে মানসম্মত কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। তা না হলে তরুণদের হতাশা বাড়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে।
এদিকে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে আইএমএফ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ। বিপরীতে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামগ্রিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ানো হয়েছে। প্রযুক্তি ও এআইকেন্দ্রিক অর্থনৈতিক উত্থানে কিছু দেশ সুবিধা পেলেও নিম্ন আয়ের অর্থনীতিগুলো উচ্চ জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতির চাপে রয়েছে।
বিআলো/শিলি