মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের সব নদ-নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে দক্ষিণাঞ্চলের নদ-নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন। একইসঙ্গে জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনাসভা করছে সংস্থাটি।
রোববার (১৮ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। সরকারি এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে কোস্ট গার্ড।
এ ছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত দায়িত্ব পালন করছে সংস্থাটি।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যে-কোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটির ভাষ্য, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
জেইউ/এইচএস
