রাজধানীর ভাটারায় একটি বাসার নিচতলার বারান্দা থেকে রাবেয়া সুলতানা রিয়া মনি (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সাইদনগর মতিউর রহমান মোড় এলাকার বি-ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
রিয়া মনির গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানার উত্তর নিলখী গ্রামে। তাঁর বাবার নাম দাউদুল হক পাটোয়ারী। তিনি ভাটারার সাইদনগর মতিউর রহমান মোড়ের বি-ব্লকের ৩৪৫২ নম্বর বাসায় তাঁর বোনের সঙ্গে থাকছিলেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান হক জানান, শনিবার বিকেলে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। পরে বাসার নিচতলার বারান্দার দক্ষিণ-পশ্চিম কোণে সেফটি গ্রিলের লোহার রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিয়া মনির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্বজনদের কাছ থেকে জানা গেছে, গত ১০ অক্টোবর বোনের অসুস্থতার খবর পেয়ে তাঁর দেখাশোনা করতে ঢাকায় আসেন রিয়া মনি। শনিবার পরিবারের সদস্যরা বারান্দার সেফটি গ্রিলের লোহার রডের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
এসআই সোলাইমান হক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
