Published on
:
1 min read
রাবণবধ তো প্রতি বছরই দেখেন, কিন্তু রাবণের পাশে দাঁড়িয়ে থাকা পেল্লাই এক আরশোলা ভস্মীভূত হওয়ার দৃশ্য কখনও দেখেছেন কি? এমনই এক কাণ্ড ঘটতে চলেছে রাজধানী দিল্লিতে। দশেরায় দিল্লির পিতমপুরার এক রামলীলা ময়দানে এ বার রাবণ, মেঘনাদ এবং কুম্ভকর্ণের সঙ্গে জ্বলবে একটি বিশাল আকারের আরশোলার কুশপুতুল। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়ের এই উৎসবে এমন আজব কাণ্ড দেখতে এখন থেকেই ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ।
সাধারণত দশেরার সন্ধ্যায় রামায়ণের খলনায়ক রাবণ, তাঁর ভাই কুম্ভকর্ণ এবং পুত্র মেঘনাদের বিশালাকার কুশপুতুলে আগুন দিয়ে অধর্মের বিনাশ উদযাপন করা হয়। কিন্তু পিতমপুরার নেতাজি সুভাষ প্লেসের রামলীলায় এ বার প্রচলিত ছক ভেঙে দিয়েছে। এই তিন পৌরাণিক চরিত্রের পাশাপাশি তারা নিয়ে এসেছে চার নম্বর কুশপুতুল—একটি দানবীয় আরশোলা। উদ্যোক্তাদের বক্তব্য, সমাজে এবং প্রাত্যহিক জীবনে আরশোলা যে নোংরা ও ক্ষতিকর অশুভ রূপ ধারণ করে, প্রতীকী অর্থে সেই আপদ বা ‘অশুভ শক্তি’কে পুড়িয়ে ছাই করে দেওয়াই এই অভিনব উদ্যোগের মূল উদ্দেশ্য।
উৎসবের জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়েছে সুবিশাল আরশোলার কুশপুতুল। দশেরার অনুষ্ঠানে যখন তিন রাক্ষসের গায়ে আগুন লাগানো হবে, ঠিক তখনই বাজি-পটকার রোশনাইয়ের সঙ্গে দাউদাউ করে পুড়বে এই কীটটিও। রান্নাঘরের চেনা উপদ্রবের এমন অদ্ভুত অনুপ্রবেশ দিল্লির রামলীলার আসরে এক আলাদা রসদ জুগিয়েছে।