ভিক্ষা করার অভিযোগে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁরা বাংলাদেশি ও ভারতীয় নাগরিক বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
দেশটির নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, তাঁরা যেন দান-খয়রাত কেবল অনুমোদিত মাধ্যমের মাধ্যমে করেন। এতে প্রকৃত অভাবী মানুষ সহায়তা পাবেন এবং ভিক্ষাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, সৌদি আরবে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের লক্ষ্য হলো, সমাজের সর্বত্র সব ধরনের ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তার অর্থ পৌঁছে দেওয়া।
