তিনি পেটে, হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
Published : 18 Oct 2026, 12:20 PM
Updated : 18 Oct 2026, 12:20 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুদি দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, শনিবার রাতে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটের ‘মিজান স্টোরে’ এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মিজানুর রহমান (৩৪) আমানউল্যাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে দোকানে বেচাকেনা করার সময় হঠাৎ ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসী দোকানে ঢুকে মিজানুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি পেটে, হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে আহত ব্যবসায়ীকে দেখে এসেছে। তার শরীরে শর্টগানের ছররা গুলি বিদ্ধ হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানকে নিজেদের সমর্থক দাবি করে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ বলেন, “সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।”
তিনি অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
